প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম

সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তারদের অধিকাংশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা তাদের কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এসব তথ্য জানান।
আকতার হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণকালীন ও চেকপোস্ট মিলিয়ে মোট ৩৩ জন নাশকতাকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে এখন পর্যন্ত হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও গ্রেফতার আছে।
গ্রেপ্তাররা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তার সবার কথা আমি পিন পয়েন্ট (নিশ্চিতভাবে) করে বলতে পারবো না, তবে এদের অধিকাংশই হয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা তাদের কর্তৃক (কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের) দু-একজন নিয়োগকৃত ব্যক্তি। যাদের অর্থায়নের মাধ্যমে তাদের দিয়ে কাজগুলো করানো হচ্ছে।