চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৫:৫১ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৬:৪১ PM

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ জুন) সকালে তার মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গেল বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় (মামলা নম্বর: ৫৯১২/২৪) সন্দেহাতীত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার তদন্তের স্বার্থেই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আমরা জেনেছি, নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। চাঁদপুর সদর মডেল থানায় তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যদি থেকে থাকে, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর