প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১১:৫৮ AM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় ক্ষোভে ফুঁসছে তার সমর্থকরা। সরকারকে দেওয়া সময়সীমা আজ বুধবার সকাল ১০ টা পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আজ বুধবার থেকে তারা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় নতুনভাবে অবস্থান নিয়েছেন।
গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। ২০ মে মঙ্গলবার তারা ঘোষণা দেন, ইশরাককে ২১ মে সকাল ১০ টার মধ্যে মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে ডিএসসিসি এলাকায় সব নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়ন।
বুধবার সকাল ১০টা পার হয়ে গেলে নগর ভবনের সামনে থেকে ইশরাক সমর্থকেরা সরে এসে বিক্ষিপ্তভাবে কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় অবস্থান নিতে শুরু করেন।
ইশরাক সমর্থক রাসেল মাহমুদ বলেন, ‘আজ ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা আলাদা আলাদা জায়গায় অবস্থান নিচ্ছি। দাবি আদায় করেই ছাড়ব।’
নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। নগর ভবনে থাকা স্থানীয় সরকার বিভাগের অফিসের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। ক্ষমতার পট পরিবর্তনের পর, ২০২৪ সালের ২৭ মার্চ, ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখন পর্যন্ত ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠিত হয়নি।
তাদের একমাত্র দাবি- ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া। দাবির বাস্তবায়ন না হলে তারা আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।
সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম