প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৫:১৫ PM

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে শুক্রবার আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। দেশিবিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় টুর্নামেন্টটি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ঠিক এই সময়ে এগিয়ে এলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা জানায়, ভারত চাইলে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, সহায়তার প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। তবে ইসিবি বলেছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর। ইসিবির পক্ষ থেকে ভারতকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল ২০২১ সালে। সেবার করোনা মহামারির কারণে ভারতে আইপিএল আয়োজন স্থগিত হয়ে গিয়েছিল। পরে তা আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে।
এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের হামলা এবং পাল্টা হামলার মধ্যে শুক্রবার পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল দুটিই স্থগিত হয়ে গেছে। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের পর বিসিসিআই দলগুলোকে বাড়ি চলে যেতে বলেছে। এরই মধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা।
স্বদেশ প্রতিদিন/আইএমএস