প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:৩১ পিএম আপডেট: ০৬.০৫.২০২৫ ৫:৪৭ PM

চুরি বলতে আমরা সাধারণত মানুষের কথা বুঝি। কিন্তু ভারতের ঋষিকেশে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা- একটি ষাঁড় ধাক্কা মেরে একটি স্কুটার নিয়ে এগিয়ে গেল রাস্তার মধ্যে! আর সেই অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এখন সেই ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
ভূপি পনওয়ার নামে এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘মানুষকে স্কুটার চুরি করতে অনেকবার দেখা গেছে। কিন্তু, ঋষিকেশে স্কুটার চুরির ঘটনাটি একটু আলাদা। এখানে রাস্তায় ঘুরে বেড়ানো ষাঁড়ও বাইক-স্কুটার পছন্দ করে।’
৩২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, ঋষিকেশের এক গলিতে মানুষের আনাগোনা চলছে। হঠাৎ করেই সেখানে একটি ষাঁড় এসে ঢুকে পড়ে। গলির এক পাশে রাখা ছিল একটি সাদা স্কুটার। আশপাশ ফাঁকা হতেই ষাঁড়টি আচমকাই স্কুটারটিকে জোরে ধাক্কা দেয় এবং তার ওপর চেপে বসে ধীরে ধীরে ঠেলে নিয়ে যায় রাস্তায় একটি খুঁটির দিকে!
ভিডিওতে শেষ পর্যন্ত দেখা যায়, ষাঁড়টি স্কুটারটিকে নিয়ে একটি খুঁটির কাছে নিয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন নিজের সফল অভিযান শেষ করেছে।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে হাস্যরস ও বিস্ময়ের ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন, ‘ষাঁড়ের নতুন পরিবহন শখ!’ আবার কেউ মজা করে লিখেছেন, এবার ষাঁড়দেরও ড্রাইভিং লাইসেন্স দেওয়া দরকার।
ভিডিওটি ইতোমধ্যেই লাখ লাখ ভিউ ছাড়িয়ে গেছে, আর তা নিয়ে চলছে নানা ধরনের মজার মন্তব্য।
স্বদেশ প্রতিদিন/এমএম