প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ পিএম

বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের কাছে স্মারকলিপি প্রদান করেছে পাঁচটি সংগঠন। সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে নেতারা উল্লেখ করেন, ‘জুলাই গণহত্যা’, ‘শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড’, পিলখানা ট্র্যাজেডি, ২৮ ফেব্রুয়ারি ও ২৬ মার্চসহ বিগত বছরগুলোতে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি তারা সর্বোচ্চ অগ্রাধিকারে উত্থাপন করেছেন। তাদের দাবি, আগামী ৯০ কার্যদিবসের মধ্যে এসব ঘটনার দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করতে হবে।
আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে নির্বাহী আদেশে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে এবং বিগত তিনটি জাতীয় নির্বাচনে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের যেসব নেতারা অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন, তাদের সেই সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘আয়নাঘর’ ও গুম-খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং এখনো যারা গুম অবস্থায় রয়েছেন, তাদের খোঁজ দিতে হবে। একইসঙ্গে গত ১৫ বছরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যেসব মামলা করা হয়েছে, বিশেষ করে জুলাই আন্দোলনের সময় করা ষড়যন্ত্রমূলক মামলা, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া ভুক্তভোগী পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে: জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই যোদ্ধা’ প্রতিনিধিরা।
স্বদেশ প্রতিদিন/এএএম