প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১০:৪৩ AM আপডেট: ০৫.০৪.২০২৫ ১০:৫১ এএম

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপে শনিবার সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। এর কয়েক মিনিটের মধ্যেই একটি জোরালো আফটারশক (ভূমিকম্পের পরবর্তী কম্পন) হয়, যার মাত্রা ছিল ৫.৩। এই জোড়া কম্পনের ফলে ওই অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় শনিবার ভোর ৬ টা ৪ মিনিটে শুরু হয় এবং এর উৎস ছিল নিউ ব্রিটেন দ্বীপের উপকূলের অন্তত ১০ কিলোমিটার গভীরে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে যায়, যার ফলে পাপুয়া নিউ গিনির বেশ কিছু দ্বীপে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, নিউ ব্রিটেন দ্বীপে ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ৯ ফুট পর্যন্ত হতে পারে। এছাড়া, প্রতিবেশী সলোমন দ্বীপপুঞ্জেও সুনামির প্রভাব পড়তে পারে।
জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, দুটি কম্পনের মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধান ছিল। এই অঞ্চলের অধিকাংশ দ্বীপ ভূমিকম্পপ্রবণ, কারণ এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূমিকম্প বলয়ের অন্তর্গত। যদিও কিছু দ্বীপে জনবসতি কম, তবে ভূমিকম্পের ফলে ভূমিধস হতে পারে।
এটি পাপুয়া নিউ গিনির জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং স্থানীয় প্রশাসন সুনামি প্রস্তুতির জন্য সতর্কতা জারি করেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম