
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বিস্তীর্ণ বালুচরে শুরু হয়েছে শীতকালীন সবজি চাষের প্রস্তুতি। নদীর তীরজুড়ে বাদাম, মুলাসহ বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। ইতোমধ্যে নদীর পাড় ও বালুচরের শত শত একর জমিতে বীজ বপন, চারা রোপণ এবং জমি পরিচর্যার কাজ শুরু হয়েছে। কৃষকদের আশা, অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে এসব জমি থেকে কোটি টাকার সবজি উৎপাদন সম্ভব হবে।
সরেজমিনে দেখা যায়, মাতামুহুরী নদীর তীরবর্তী বিস্তীর্ণ বালুচরে কৃষকেরা দলবদ্ধভাবে জমি প্রস্তুত করছেন। কেউ বাদাম ও মুলার বীজ বপন করছেন, আবার কেউ অন্যান্য শীতকালীন সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নদীর অববাহিকার পলিমিশ্রিত বালুমাটি এবং অনুকূল আবহাওয়া এ অঞ্চলে শীতকালীন সবজি চাষের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।
স্থানীয় কৃষকেরা জানান, মাতামুহুরী নদীর কাছাকাছি হওয়ায় জমিতে সেচের পানির ব্যবস্থা করা তুলনামূলক সহজ। পর্যাপ্ত সেচ, সুষম সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যা করতে পারলে এবার ভালো ফলন পাওয়া যাবে। এসব জমিতে উৎপাদিত তাজা শাক-সবজি স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহের সম্ভাবনা রয়েছে।
তবে কৃষকদের এই সম্ভাবনাময় কৃষিকাজের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ বালু উত্তোলন। তাঁদের অভিযোগ, বালু উত্তোলনের কারণে নদীর তীর ও কৃষিজমি ভাঙনসহ নানা ঝুঁকির মুখে পড়ছে। এতে একদিকে কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে চাষাবাদও হুমকির মুখে পড়তে পারে। তাই কৃষিজমি ও নদীর বালুচর রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।
চকরিয়া পৌরসভার একাধিক কৃষক জানান, মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকার মাটি ও পরিবেশ শীতকালীন সবজি চাষের জন্য বেশ উপযোগী। সঠিক পরিচর্যা এবং প্রাকৃতিক পরিবেশ বজায় থাকলে চলতি মৌসুমে এখান থেকে বিপুল পরিমাণ সবজি উৎপাদন করা সম্ভব। তাঁদের প্রত্যাশা, এবার ভালো ফলন হলে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
চকরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শীতকালীন সবজির উৎপাদন বাড়াতে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকেরা যাতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেন, সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, মাতামুহুরী নদীর বালুচরের কৃষি সম্ভাবনাকে কাজে লাগানো গেলে চকরিয়া অঞ্চলে শীতকালীন সবজি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও কৃষিজমি সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি