প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের ভর্তি নীতিমালা জারি করেছে। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ শিক্ষার্থীর তালিকাও তৈরি করতে হবে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০ এবং চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য ১০০ নম্বর। উভয় পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে প্রশ্ন থাকবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষার সময় এক ঘণ্টা এবং চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য দুই ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে অনুযায়ী জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে। নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, এতিমখানায় অবস্থানরত শিশু এবং নির্দিষ্ট শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সন্তানসহ কয়েকটি ক্ষেত্রে আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি