বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে বার্জ ক্ষতিগ্রস্ত      ● মঠবাড়িয়ায় সুপারি বাগান হতে কৃষকের লাশ উদ্ধার      ● বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি      ● ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা, দুশ্চিন্তায় তিস্তাপারের মানুষ      ● কুমিল্লায় মাকে হত্যা -মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড      ● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      
কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে বার্জ ক্ষতিগ্রস্ত
এস এম শাহীন, বরিশাল
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম

বরিশালে কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। এতে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের দাবি, যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে ক্রেনটির সামনের অংশ ভেঙে পড়ে।

জাহাজ সংশ্লিষ্টরা জানান, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন পরিচালনার কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে হঠাৎ ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর মাস্টার মো. আলমগীর বলেন, প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও নিয়মিত কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাঁরাও বুঝতে পারেননি। ঘটনার সময় জাহাজের এক কর্মী আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজ ও ভেঙে পড়া ক্রেন উদ্ধারে কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। ২৫০ টন ধারণক্ষমতার এ উদ্ধারকারী জাহাজটি বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সাধারণত চলাচল করে না।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   কীর্তনখোলা নদী   বিআইডব্লিউটিএ   উদ্ধারকারী জাহাজ নির্ভীক   ক্রেন ভেঙে দুর্ঘটনা   বার্জ ক্ষতিগ্রস্ত   পন্টুন   মুক্তিযোদ্ধা পার্ক   জাহাজ দুর্ঘটনা   ফায়ার সার্ভিস   জেলা প্রশাসন   তদন্ত কমিট�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close