
২০২৩ সালে বাংলাদেশে এক লাখেরও বেশি শিশু তাদের জন্মের পাঁচ বছরের মধ্যে মারা গেছে, যার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ মৃত্যু ঘটেছে জন্মের প্রথম ২৮ দিনের মধ্যে। ইউনিসেফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জাতিসংঘের ইন্টার-এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মর্টালিটি এস্টিমেশন (আইজিএমই) এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘মা ও নবজাতকের যত্নের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ১৯৯০ সাল থেকে উন্নতি সত্ত্বেও, দক্ষিণ এশিয়ার মধ্যে মৃত সন্তান প্রসবের সর্বোচ্চ হারের রেকর্ড রয়েছে বাংলাদেশে।’
এছাড়া, প্রতিবছর ৬৩ হাজারেরও বেশি মৃত শিশু জন্ম নিচ্ছে বাংলাদেশে। এর অর্থ, প্রতি ৪১টি শিশুর মধ্যে একটি মৃত শিশু জন্ম নিচ্ছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।
এসডিজি লক্ষ্য পূরণের জন্য জরুরি পদক্ষেপ বাংলাদেশকে তার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণের জন্য প্রতিবছর আরও ২৮ হাজার নবজাতককে বাঁচাতে হবে, যা মা ও নবজাতক যত্নের উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি ফারুক আদ্রিয়ান দুমুন বলেন, ‘প্রতিবছর এক লাখেরও বেশি নবজাতক মারা যায় প্রতিরোধযোগ্য রোগের কারণে, যেমন- অপরিণত জন্ম, প্রসবকালীন জটিলতা, সেপসিস এবং নিউমোনিয়া।’
তিনি আরো বলেন, ‘যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে আরও বেশি বিনিয়োগ করি, প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দিই এবং প্রশিক্ষিত স্বাস্থ্য পেশাদার, বিশেষ করে মিডওয়াইফদের সংখ্যা বাড়াই, তাহলে আমরা মিলিয়ন মিলিয়ন শিশুর এবং মায়ের জীবন বাঁচাতে পারব।’
নবজাতক মৃত্যুর উচ্চ হার ও চ্যালেঞ্জ বাংলাদেশে নবজাতক মৃত্যুর উচ্চ হার এবং মৃত শিশুর জন্মের কিছু মূল চ্যালেঞ্জ রয়েছে: সেগুলো হলো- বাড়িতে প্রসবের হার বেশি (৩০%), ছোট এবং অসুস্থ নবজাতকদের জন্য সঠিক যত্নের অভাব, সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফের অভাব, এবং সার্বক্ষণিক মানসম্পন্ন সেবা নিশ্চিতকরণের অভাব।
এছাড়া, দুর্বল প্রসবপূর্ব ও প্রসবকালীন যত্ন এবং সঠিক রোগ প্রতিরোধের অভাবের কারণে নবজাতক মৃত্যুর হার বেড়ে যায়। তহবিল এবং সম্পদের সীমাবদ্ধতা এসব সমস্যাকে আরো জটিল করে তুলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিক্রিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ বলেন, ‘মৃতশিশু জন্ম এবং প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু এখনও লাখ লাখ মানুষের জন্য হৃদয়বিদারক বাস্তবতা।’
তিনি উল্লেখ করেন যে, ‘যদিও বাংলাদেশ মাতৃ ও শিশু স্বাস্থ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে এখনও স্বাস্থ্যসেবায় বৈষম্য রয়ে গেছে।’
ডা. আহমেদ জামশেদ আরো বলেন, ‘আমরা এখনই পদক্ষেপ নিতে হবে যাতে এই মর্মান্তিক ক্ষতি বন্ধ করা যায়। প্রসবপূর্ব ও প্রসবকালীন যত্ন বিষয়ে সঠিক পদক্ষেপ নেয়া হলে, আমরা মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি করতে পারব।’
উন্নত স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং সমন্বিত উদ্যোগ ইউনিসেফ এবং ডব্লিউএইচও বাংলাদেশের সরকার ও অন্যান্য অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ইউনিয়ন স্তরেও দক্ষ জন্ম সহকারী এবং আরো হাসপাতাল বা সেন্টারে প্রসব বাড়ানো হয়, এবং প্রসবকালীন, প্রসব ও প্রসবপরবর্তী যত্ন ব্যবস্থা উন্নত করা হয়।
মা ও শিশুর স্বাস্থ্য সেবায় বিনিয়োগ ইউনিসেফের মতে, মা ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদার করার জন্য প্রশিক্ষিত কর্মী এবং চিকিৎসা সরঞ্জামের জন্য তহবিল বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বদেশ প্রতিদিন/এমএম