প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম

‘তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের লোকজন দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে’—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে সেখানে যান তিনি।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর পা রাখতে পারবেন না উল্লেখ করে রিজভী বলেন, ‘১৬ ডিসেম্বর নাকি তারা বাংলাদেশ দখল করবে। এ জাতির ওপর অন্য কেউ আগ্রাসন চালিয়ে কোনো আধিপত্যবাদী শক্তি ক্ষমতা দেখাতে পারবে না।’
শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি প্রসঙ্গে রিজভী বলেন, নতুন কাঠামোয় সর্বনিম্ন মজুরি ১৭ হাজার এবং গ্রেডভেদে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে। তাঁর দাবি, নতুন মজুরি উপমহাদেশের ভারত ও পাকিস্তানসহ অন্যান্য দেশের তুলনায় বেশি। শ্রমিক অসন্তোষ নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে সমাধানে সহায়তা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি