প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করার প্রত্যয়ে সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর এ কর্মসূচির আয়োজন করে। সহযোগিতায় ছিল সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তিনির্ভর খামার গড়ে তোলা, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। খামারিদের দক্ষতা বৃদ্ধি ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ সম্প্রসারণ সম্ভব বলেও তাঁরা মত দেন।
স্বদেশ প্রতিদিন/এস পি