প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ AM

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাওজোড় ও ভবানীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় শ্রমিকদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকদের অবরোধেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ মাইকিং করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বিবেচনায় জেলার ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এস পি