প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫১ AM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেছে ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকার গঠন নিয়ে দলটির আলোচনা এগোচ্ছে। টাইমস অব ইসরায়েল ও চ্যানেল ১২-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউটিজের দুই সংসদ সদস্য মেইর পোরুশ ও এলিয়াকিম স্টার্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি নেতানিয়াহু। পোরুশের কার্যালয়ের কর্মীরাও তাঁর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেননি। এদিকে ইউটিজের আইনপ্রণেতারা আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোটের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর অনুমতি পেতে দলটির আধ্যাত্মিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। দলটির এক জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, আলোচনা প্রত্যাশার চেয়েও বেশি এগিয়েছে।
আলোচনার অন্যতম প্রধান বিষয় অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ। প্রস্তাবিত কাঠামোয় নিয়োগের কোটা পুরোপুরি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে ছাড় বহাল থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আদালতে টেকসই হবে—এমন আইনি কাঠামো তৈরি করাই আলোচনার বড় চ্যালেঞ্জ।
স্বদেশ প্রতিদিন/এস পি