প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৩ AM

পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, পুরোনো কাঠামোর সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম ২ হাজার টাকা মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও এ সমন্বয় প্রযোজ্য হবে।
চেয়ারম্যান জানান, নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকরের প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা শ্রমিকদের। দ্রুত খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে প্রস্তাবটির আনুষ্ঠানিক কার্যকারিতার জন্য গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এস পি