প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ AM

পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে টঙ্গীর গাজীপুরা ২৭ নম্বর রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে ১৭ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলা কঠিন। তাই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ প্লাটুন বিজিবি, ১২ পেট্রোল এসআরবি ও ১৭ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে শ্রমিকরা নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, এদিন ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি