প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম

সংগৃহীত ছবি
ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে পাকিস্তান। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে না গড়ানোয় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী লিগ পর্বে শীর্ষে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এতে রানার্সআপ হয়েছে ভারত।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে টুর্নামেন্টের নিয়মানুযায়ী গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার সুবাদে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।
লিগ পর্বে অপরাজিত থেকেই ফাইনালের টিকিট কাটে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখে তারা। অন্যদিকে, তিন ম্যাচ খেলে দুটি জয় ও একটি হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করে শ্রীলঙ্কা।
ফাইনালে ওঠার পথে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছিল পাকিস্তান। গত ১৭ নভেম্বরের সেই ম্যাচে শেষ বলে এক উইকেটে জয় তুলে নেয় তারা। ভারতের করা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে পাকিস্তান। শেষ দুই বলে জয়ের জন্য যেখানে ৭ রান প্রয়োজন ছিল, সেখানে অলরাউন্ডার নিয়ামতউল্লাহ ছক্কা ও চার হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন।
গত ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড এশিয়া কাপ ২০২৬’। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত এই আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।