বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কিশোর অপরাধ প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই : ঢাবি উপাচার্য      ● রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী      ● ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ মাইক্রোসফটের      ● প্রেসক্লাব নকলার সংগঠনিক সম্পাদক রাকিব পেলেন বারী সিদ্দিকী পদক      ● আনোয়ারায় পুলিশ বক্সে আগুন, ছাত্রলীগ কর্মীসহ আটক ৭      ● মফস্বল সাংবাদিকতার এক নিরলস সাধক রফিকুল ইসলাম রঞ্জু      ● মোংলা ইপিজেডে ৮০৭ কোটি টাকার বিনিয়োগ করবে দেশীয় প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর      ● হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন      ● করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়াম, সঙ্গে সাইফ-কারিনা      ● ১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের লক্ষ্য ১২      ● মির্জাপুরে জুলাই আন্দোলনের সৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও প্রেট্রোল বোমা নিক্ষেপ      
কিশোর অপরাধ প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই : ঢাবি উপাচার্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোর অপরাধ প্রতিরোধে কেবল আইন প্রয়োগ ও শাস্তির ওপর নির্ভর না করে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধের চর্চা এবং কিশোরদের মানসিক বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আজ  ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশ্ব দর্শন দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, দর্শন কেবল তাত্ত্বিক জ্ঞানচর্চার বিষয় নয় বরং মানুষের জীবন, সমাজ ও সভ্যতাকে বোঝার একটি মৌলিক বুদ্ধিবৃত্তিক প্রয়াস। দর্শন মানুষকে যুক্তিবোধ, বিবেক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে বিভিন্ন সামাজিক সমস্যা বিশ্লেষণ করতে শেখায়। একটি ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় দর্শনচর্চার গুরুত্ব অপরিসীম।

এ বছরের বিশ্ব দর্শন দিবসের মূল প্রতিপাদ্য ‘ Thinking and Acting Together: Philosophy to Inhabit a World with Plural Challenges’ তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্বে বহুমাত্রিক সংকট মোকাবিলায় সম্মিলিত চিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপাচার্য বলেন, কিশোর অপরাধকে শুধু আইনশৃঙ্খলা বা অপরাধ নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব নয়। এর সঙ্গে পারিবারিক পরিবেশ, শিক্ষাব্যবস্থা, সামাজিক বৈষম্য, প্রযুক্তির প্রভাব এবং নৈতিক মূল্যবোধের চর্চা গভীরভাবে সম্পর্কিত। একজন কিশোর অপরাধে জড়িয়ে পড়লে তার ব্যক্তিগত দায়বদ্ধতার পাশাপাশি তার বেড়ে ওঠার পরিবেশ, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং সমাজের দায়িত্বও বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের পাঠ্যক্রমে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া গেলে শিশুদের সঠিকভাবে গড়ে তোলা সহজ হয়। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের স্থায়ীভাবে অপরাধীর পরিচয়ে আবদ্ধ না রেখে সংশোধন, পুনর্বাসন, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের কী করতে সক্ষম করেছে, তা যেমন গুরুত্বপূর্ণ; তেমনি আমাদের কী করা উচিত, সেই প্রশ্নের উত্তর খুঁজতে দর্শন, নৈতিকতা, ধর্ম ও মানবিক মূল্যবোধের চর্চা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার সম্পাদক ড. মন্দিরা চৌধুরী স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক অরিনা খাতুন জিনিয়া।

অনুষ্ঠানে বিশ্ব দর্শন দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে দর্শন বিতর্ক ধারা আয়োজিত রম্যবিতর্ক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’-এর নাট্যরূপ পরিবেশিত হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close