প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:২৯ AM

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানায়, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনেও তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা বাড়াতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে বলা হয়েছে।
এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকায় ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি