প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ AM

খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে সোলাইমান ফকির ওরফে সোলাই (৫৪) নামে এক ঘের ব্যবসায়ী আহত হয়েছে। এ সময় খালেক নামে এক ভ্যান চালকের হাতেও গুলি লাগে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। সোলাইমান ফকির ঐ এলাকার নবী ফকিরের ছেলে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান গুলিতে আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা সোলাইমান ফকিরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার হাত, পা ও গলায় গুলি লাগে। এ সময় খালেক নামে এক ভ্যান চালকের হাতেও গুলি লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান রাত সাড়ে ১০টায় বলেন, আহত সোলাইমান ফকির একজন ঘের ব্যবসায়ী। তার হাত, পা ও গলায় গুলি লেগেছে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে কী কারণে ও কারা তাকে গুলি করেছে তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার সকাল থেকে খুলনা মহানগরীসহ জেলায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। যৌথবাহিনীর অভিযানের মধ্যে এই গুলির ঘটনা ঘটল।
স্বদেশ প্রতিদিন/এস পি