
সংগৃহীত ছবি
পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। একদিন এই পৃথিবীর চেনা দৃশ্যপট বদলে যাবে। সূর্য আলো হারাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, পাহাড়গুলো স্থানচ্যুত হবে। সেদিন মানুষ বুঝতে পারবে, দুনিয়ার জীবনে সে কী নিয়ে ব্যস্ত ছিল এবং পরকালের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছে। পবিত্র কোরআনের ৮১তম সুরা আত-তাকভীরে মহান আল্লাহ কিয়ামতের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি মানুষের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিয়েছেন।
সুরাটির শুরুতেই কিয়ামতের বিভিন্ন নিদর্শন বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্রগুলো খসে পড়বে, যখন পর্বতমালা চলমান হবে এবং যখন সমুদ্রগুলো উত্তাল করে তোলা হবে, তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে সে কী নিয়ে উপস্থিত হয়েছে। (সুরা আত-তাকভির, আয়াত: ১-৬)
এই বর্ণনা মানুষকে স্মরণ করিয়ে দেয়, পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। সম্পদ, ক্ষমতা, পদমর্যাদা কিংবা সৌন্দর্য—সবকিছুরই একদিন অবসান ঘটবে। তাই দুনিয়ার অর্জন নিয়ে অহংকার না করে পরকালের প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সুরাটিতে জীবনের মূল্য ও মানুষের অধিকার সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়ার মতো জঘন্য প্রথার প্রসঙ্গ তুলে আল্লাহ বলেন, যখন জীবন্ত কবর দেওয়া কন্যাশিশুকে জিজ্ঞাসা করা হবে, কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। (আয়াত: ৮-৯)
এ আয়াত মানুষের প্রতি অন্যায়, নারী ও শিশুর অধিকার হরণ এবং দুর্বলদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। মানুষের মর্যাদা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। সুরাটির শেষাংশে মানুষের আমল ও জবাবদিহির বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষকে একদিন নিজের কাজের হিসাব দিতে হবে। তাই গোপনে কিংবা প্রকাশ্যে কোনো অন্যায়কে তুচ্ছ মনে করার সুযোগ নেই।
সুরা আত-তাকভীর আরও জানায়, পবিত্র কোরআন কোনো মানুষের বানানো বাণী নয়; এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ উপদেশ। (আয়াত: ২৭-২৯)
এই সুরার মূল শিক্ষা হলো, দুনিয়ার জীবনকে পরকালের প্রস্তুতির সুযোগ হিসেবে গ্রহণ করা। অন্যায় থেকে দূরে থাকা, মানুষের অধিকার রক্ষা করা, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং প্রতিটি কাজের জবাবদিহির কথা মনে রাখাই একজন মুমিনের দায়িত্ব।