প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম

বরিশালের মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর বাজারে অবস্থিত জাহিদ বেকারিতে সরেজমিনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতে দেখা গেছে। এসব পণ্যে নিষিদ্ধ রং ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারেরও অভিযোগ রয়েছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন সাধারণ ভোক্তারা।
বুধবার (১৮ নভেম্বর) বেকারিটি পরিদর্শনে গিয়ে খাদ্যপণ্য তৈরির পরিবেশে স্বাস্থ্যবিধির ঘাটতি দেখা যায়। চুলার পাশে পচা ও বাসি খাবারের স্তূপও ছিল। স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্যসম্মত পরিবেশ ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তবে বেকারিটির বর্তমান মালিক শাহ আলম দাবি করেছেন, তাঁরা স্বাস্থ্যসম্মতভাবেই খাদ্যপণ্য তৈরি করেন।
নিয়মিত তদারকির অভাবে এ ধরনের অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। তাঁরা মুলাদী উপজেলার সব বেকারিতে অভিযান চালিয়ে প্রয়োজনীয় লাইসেন্স, কাঁচামাল, উৎপাদন পরিবেশ ও খাদ্যের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্বদেশ প্রতিদিন/এস পি