প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪০ AM

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ সভা হওয়ার কথা। সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা। এতে কৃষি, পানিসম্পদ, পল্লি অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ, নদী খনন ও ভাঙন প্রতিরোধ, ক্ষুদ্রসেচ উন্নয়ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন এবং আট বিভাগীয় শহরে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র নির্মাণ।
এ ছাড়া ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর আবাসন সমস্যার সমাধানে অবকাঠামো উন্নয়ন, শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পও সভায় আলোচনায় আসবে।
স্বদেশ প্রতিদিন/এস পি