প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ AM

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তার ছেলে আদিল মিয়ার (৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় আঁখি বেগমের সতীন শাহিনা বেগম (৩২) কে আটক করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আঁখি বেগম কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী ও আদিল তাদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম জানান, মঙ্গলবার বিকেলে আঁখি বেগমের মেয়ে পাশের নানাবাড়ি থেকে নিজেদের বাড়িতে আসে। এ সময় ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢোকে। পরে বিছানায় তার মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় আঁখি বেগমের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, “প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
স্বদেশ প্রতিদিন/এস পি