প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা।
পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় মীরগঞ্জ বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বামনডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রামদেব হিন্দুপাড়ায় বিধান কুমারের বাড়ির সামনে কাঁচা সড়কে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ সময় এসআই মো. জুলিয়াস রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রেজাউল করিম সুন্দরগঞ্জ উপজেলার রামদেব এলাকার বাসিন্দা। তিনি মৃত রইচ উদ্দিনের ছেলে। তাঁর বাড়ি হাসানগঞ্জ রেলস্টেশন মসজিদের পাশে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন শূন্য দশমিক ৯ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ হাজার ৭০০ টাকা।
স্থানীয়দের দাবি, রেজাউল যৌথবাহিনীর অভিযানে নিহত মাদক কারবারি আব্দুস সালাম ওরফে সালাম ঠসার ভাগিনা ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সালাম ঠসার মৃত্যুর পর তার মাদক সরবরাহ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রেজাউলের হাতে চলে আসে। দীর্ঘদিন ধরে তিনি নিজের বাড়ি ও আশপাশের এলাকায় ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল ও হুইস্কিসহ বিভিন্ন মাদকের কারবার পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন তার সহযোগীদের মাধ্যমে ৮০০ থেকে ৯০০ পিস ইয়াবা বিক্রি এবং এ কাজে স্থানীয় কিশোর-তরুণদের বাহক হিসেবে ব্যবহারের অভিযোগও করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমন, মাদক নির্মূল এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে সুন্দরগঞ্জ থানা-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি