প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম

সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা শরদ কাপুরের বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশ ও পোষ্য কুকুরদের দুরবস্থার চিত্র নিয়ে সম্প্রতি উদ্বেগ তৈরি হয় তার ভক্তদের মাঝে। একটি ভিডিওতে তার বাড়ির বেহাল অবস্থা দেখে অনেকেই ধারণা করেন, আর্থিক সংকটে রয়েছেন অভিনেতা। তবে সেই দাবি নাকচ করে শরদ জানিয়েছেন, তার কোনো আর্থিক সমস্যা নেই। বরং আবার অভিনয়ে ফিরতে চান তিনি। এ জন্য চলচ্চিত্রজগতের মানুষের কাছে কাজ ও মানসিক সমর্থন চেয়েছেন অভিনেতা।
সম্প্রতি শরদের সঙ্গে দেখা করেন অভিনেত্রী ও পশু অধিকারকর্মী জয়া ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে সেই সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে শরদকে চলচ্চিত্রশিল্পীদের সংগঠন সিআইএনটিএএ-র কাছে কাজের সুযোগ চাওয়ার কথা বলতে শোনা যায়।
শরদ বলেন, ‘আমি সিআইএনটিএএ-র কাছে জানাতে চাই, আমি ভালো কাজ খুঁজছি। আপনাদের সমর্থন প্রয়োজন। আমি জানি, আপনারা সব সময় প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখন সামান্য মানসিক সমর্থন পেলেও তা আমার জন্য যথেষ্ট।’
নিজের অভিনয়দক্ষতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি একজন ভালো অভিনেতা, আপনারা সেটা জানেন। টাকাপয়সা কোনো সমস্যা নয়। আমার একটাই সমস্যা, আমি আবার কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি।’
অভিনেতা জানান, বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন তিনি। এ প্রসঙ্গেও কথা বলেন অভিনেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।
এর আগে ভাইরাল একটি ভিডিওতে হেমা নামের তার এক বন্ধু দাবি করেছিলেন, পায়ে চোট পাওয়ার পর পরিবারের পক্ষে একদিকে শিশুর দেখাশোনা, অন্যদিকে নিজের পোষ্যদের দেখাশোনা করাটা কঠিন হয়ে পড়ছিল শরদের জন্য। হেমার মতে, একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছেন শরদ।
১৯৯৪ সাল থেকে অভিনয় করছেন শরদ কাপুর। শাহরুখ খানের সঙ্গেও অভিনয় করেছেন। ‘জোশ’, ‘ইয়ে হ্যায় জলওয়া’ ও ‘এলওসি কার্গিল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘নো মিনস নো’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তাকে।