প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পশ্চিম ছয়গাঁও এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রোকন সরদার ও তাজেল সরদারকে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে ও সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদার (৩৫), ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে তাজেল সরদার (২৭), একই এলাকার আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন (২০) এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রহিম বাদশা (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পশ্চিম ছয়গাঁও এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কৃষিজমির মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, উপজেলা প্রশাসনের নেতৃত্বে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশ সহযোগিতা করেছে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা বা এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
স্বদেশ প্রতিদিন/এস পি