প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ AM

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন কাঠামো চালু করছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান ভিসা ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। নতুন ব্যবস্থায় আবেদন ফরমের প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এতে আবেদনকারীদের অপ্রয়োজনীয় তথ্য দেওয়ার ঝামেলা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে। আগের ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সেও এ ভিসা ব্যবহার করা যাবে। ভিজিটর ভিসা ভি-১ ও ভি-২—দুই ভাগে বিভক্ত। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং ভি-২ ভিসার মেয়াদ আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী এক, পাঁচ বা ১০ বছর হতে পারে।
চিকিৎসা ও শিক্ষার্থী ভিসাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসা ও আয়ুশ চিকিৎসার জন্য আলাদা ভিসার পাশাপাশি রোগীর স্বজন বা সহকারীদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা, গবেষণা, পিএইচডি ও ইন্টার্নশিপের জন্য নির্দিষ্ট ভিসা থাকবে। ব্যবসায়িক ভিসাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। তবে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও আইটি ব্যবস্থা হালনাগাদের কাজ চলছে। নতুন নিয়ম কার্যকরের নির্দিষ্ট তারিখ প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি