প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:০৯ পিএম

ভাড়া পরিশোধ নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে ভাড়া পরিশোধ নিয়ে দুই যাত্রীর সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে তাঁদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আতিকুল ইসলাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি