
জেলার সদর উপজেলার দিঘি ইউনিয়নের ভাটবাউর এলাকার একটি পরিবারের আট ভাই-বোনের মধ্যে চারজনই বামন। শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে তাঁদের প্রত্যেককেই খাওয়া-দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন সব কাজের জন্য অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়।
নানা সীমাবদ্ধতা ও চরম দারিদ্র্যের মধ্যে কাটছে এই পরিবারটির দিন। বিশেষ করে বাড়িতে যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় তাদের দুর্ভোগ বহুগুণ বেড়ে গেছে।
মৃত হযরত আলী ও জহুরা বেগম দম্পতির ঘরে আট সন্তানের জন্ম হয়। এর মধ্যে চার জনের বয়স ৭ বা ৮ বছর হওয়ার পর থেকেই তাদের শারীরিক বৃদ্ধি থমকে যায় এবং তারা বামন আকৃতির হয়ে যান। হযরত আলী বিআইডব্লিউটিএতে চাকরি করতেন এবং প্রায় ১০ বছর আগে তিনি মারা যান। তাঁদের পাঁচ মেয়ে ও তিন ছেলের মধ্যে চারজনই এই শারীরিক প্রতিবন্ধকতার শিকার।
তাঁরা হলেন, মোছা:হাবিয়া (৬৪), মোছা:মেহেরজান (৫৮),ইজ্জত আলী(৫২) এবং সিরাজ আলী(৪৮)।
জানা যায়, তাঁরা জন্মগত ভাবে প্রতিবন্ধী ছিলেন না। জন্মের ৭ বা ৮ বছর পর তাঁদের শারীরিক এ সমস্যা ধরা পড়ে। ভাই বোনদের মধ্যে ইজ্জত আলী বিবাহিত হলেও বাকি তিন জনের বিয়ে হয়নি। তাঁরা সবাই একই বাড়িতে একত্রে বসবাস করছেন। সুস্থ অপর চার সন্তানের মধ্যে তিন মেয়ে ও এক ছেলেকে বিয়ে দিয়েছেন মা জহুরা বেগম। বর্তমানে চার প্রতিবন্ধী সন্তান ও এক ছেলেকে নিয়ে কোনো মতে চলছে বৃদ্ধা জহুরার সংসার। সদর উপজেলার ভাটবাউর বাজারের পাকা সড়কের পাশে কয়েকটি বাড়ির ওপর দিয়ে এই পরিবারটির বাড়িতে যাতায়াত করতে হয়। শারীরিক প্রতিবন্ধী হাবিয়া ও মেহেরজানকে ঘরের বাইরে আনতে হয় কোলে করে এবং তাঁদের খাওয়া-দাওয়াসহ সব কাজ অন্যের সহযোগিতায় করতে হয়। তবে তুলনামূলক ভাবে বামন আকৃতির ইজ্জত ও সিরাজ কিছুটা স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারেন। বাড়ির পাশে ভাটবাউর বাজারের সড়কের ধারে খোলা আকাশের নিচে তাঁরা দুই ভাই পান ও সিগারেটের দোকান চালালেও সেখান থেকে সামান্যই আয় হয়। গত প্রায় দুই বছর ধরে চার ভাই বোন সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। বসতভিটা ও সামান্য জমি থেকে উৎপাদিত ফসল আর ভাতার ওপর ভর করেই কোনো রকমে দিন পার করছে এই হতভাগ্য পরিবারটি।
অন্যদিকে,বামন আকৃতির ইজ্জত আলীর দুটি ছেলেও রয়েছে। তারা হলেন,ইয়াসির আরাফাত (২২) এবং আলিফ আহম্মেদ (২০)। উভয়েই উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবন যাপন করছেন।
বৃদ্ধা জহুরা বেগম জানান, তাঁর প্রথম সন্তান হাবিয়ার বয়স সাত বছর হলে সে এক জ্বরে আক্রান্ত হয়। জ্বর সেরে যাওয়ার কয়েক দিন পর হাঁটার সময় তার শারীরিক চলাচল অস্বাভাবিক হয়। কবিরাজি চিকিৎসা করালেও সে আর সুস্থ হয়নি। একই ভাবে অন্য তিন সন্তানেরও বয়স ৭ থেকে ৮ বছরের মধ্যে অস্বাভাবিক শারীরিক পরিবর্তন ঘটে। সন্তানদের এ শারীরিক সমস্যার কারণে গ্রামবাসীর নানা কটু কথা ও উপহাস সহ্য করতে হয়েছে।
ইজ্জত আলী বলেন, আমাদের শারীরিক এই অবস্থা দেখে অনেকেই উপহাস করেছে, তবে এখন সব কিছু সয়ে গেছে। আমরা খোলা আকাশের নিচে দুই ভাই পান বিড়ির দোকান করি। ওই দোকান থেকে যে টাকা আয় হয়, সেই টাকা দিয়েই চলে আমাদের সংসার। তিনি আরও বলেন, অভাবের সংসারের কারণে বড় ছেলে আরাফাত সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ নিয়েছেন। ছেলের একটি সরকারি চাকরি হলে সংসারের কষ্ট কিছুটা ঘুচে যেত।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার বলেন, সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ওই চার ভাই বোনের প্রত্যেককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। প্রত্যেককে প্রতি তিন মাস পর পর ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। এ ছাড়া, প্রতিবন্ধী দুই ভাইকে একটি ট্রাইসাইকেলও দেওয়া হয়েছে। আগামীতে ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাঁদের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি