প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ AM

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু হওয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুরের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের প্রায় তিন শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, রোগী ও পরিবহন চালকরা।
জানা গেছে, শুক্রবার শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’-র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়। আহত হয় আরও চার শিশু।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ফেরিটি বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পড়ে যান।
এ সময় তরিকুল ইসলামের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে আঘাত লাগে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও চার শিশু আহত হয়।
দুর্ঘটনার পর নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির মাস্টারকে আটক করা হয়।
ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে শনিবার ভোর ৪টা থেকে চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। ফলে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়। দুর্ঘটনার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে আজ ভোর ৪টা থেকে কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি