প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের বিরুদ্ধে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশি পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি