মানুষের জীবনের ভিত্তি গড়ে দেয় শিক্ষাপ্রতিষ্ঠান : ড. এম এ কাইয়ুম
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম

সংগৃহীত ছবি
একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়, এটি মানুষের জীবনের ভিত্তি গড়ে দেয় - জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, এখান থেকেই একজন শিক্ষার্থী স্বপ্ন দেখতে শেখে, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করে। আজ রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের আবেগঘন উৎসবে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুই হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। প্রাক্তন শিক্ষার্থীরা আড্ডা, হইহুল্লোড়, আনন্দ আর স্মৃতিচারণে ফিরে দেখেন শৈশব-কৈশোরের সোনালি দিন। বয়সের ব্যবধান ভুলে কেউ খুঁজেছেন পুরোনো সহপাঠীকে, কেউবা মেতেছেন শিক্ষক ও বন্ধুদের সঙ্গে স্মৃতির ঝাঁপি খুলে। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় এমন মিলনমেলায় যেন ফিরে এসেছিল ফেলে আসা স্মৃতিময় দিনগুলো।
১৯৬৬ সালে যাত্রা শুরু করা বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২০২৬ সালে গৌরবের ৬০ বছর পূর্ণ করেছে। দীর্ঘ ছয় দশকে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন, শিক্ষা ও বেড়ে ওঠার সাক্ষী হয়ে থাকা প্রতিষ্ঠানটির এই হীরক জয়ন্তী উদ্যাপন প্রাক্তন শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠে আবেগ, ভালোবাসা ও শেকড়ের টানে ফিরে আসার এক বিশেষ উপলক্ষ।
ড. এম এ কাইয়ুম বলেন, আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছরের এই পথচলা অত্যন্ত গৌরবের। এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী আজ দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন, যা আমাদের সবার জন্য গর্বের।
তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বড় সম্পদ। তাদের অভিজ্ঞতা, ভালোবাসা ও সহযোগিতা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হতে পারে। বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
হীরক জয়ন্তী ও পুনর্মিলনী ঘিরে দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণা, পুরোনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় এবং স্মৃতিচারণে বিদ্যালয়ের প্রাঙ্গণে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। ছয় দশকের পথচলা পেরিয়ে এই আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য, বন্ধন ও ভালোবাসার এক অনন্য উদ্যাপন হয়ে ওঠে।