প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি
ঝালকাঠির নলছিটিতে বসতঘরের রান্নাঘরের মাটির চুলার ভেতর থেকে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোসা. ইতি আক্তার রনজু (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাঙ্গুলি এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ইতি আক্তার ওই এলাকার মো. নূরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল ইতি আক্তারের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের উত্তর পাশে রান্নাঘরের মাটির চুলার ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান ও জব্দ কার্যক্রম পরিচালিত হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।