প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম

সংগৃহীত ছবি
অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে মোড়েলগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লার বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশু পুত্র বিক্রির ঘটনা ঘটে। বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়। এ ঘটনা গণমাধ্যমে প্রচারের পর প্রশাসনের নজরে আসে।
শিশু পুত্রের মা অনিকা আক্তার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে বসে হাসান চৌধুরীর সাথে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে পুত্র সন্তান আল-আমিনের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।
অনিকা আক্তার বলেন, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে আমিও রোগাক্রান্ত হয়ে পড়ি। চরম অসহায়ত্বের কারণে নিজের শিশু সন্তানকে ৩০ হাজার টাকায় অন্যের হাতে তুলে দিই। আমি এখন আমার ছেলেকে রাখতে চাচ্ছিনা, কারণ আমি নিজে অসুস্থ, আমি চাই ছেলেটা যেখানে ভাল থাকবে, মানুষ হতে পারবে সবাই মিলে ওকে সেখানে দিয়ে দিক।
এ শিশুটিকে বাগেরহাটের মোংলা পৌর শহরের বাসিন্দা মোঃ শহিদুল ওরফে ন্যাবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছি বিক্রি করা হয়েছিল।
অনিকা আক্তারের বাবা পলাশ শেখ বলেন, আমার বয়স হয়ে গিয়েছে, আমি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে পারি না, তার উপর মেয়ে ও মেয়ের ছেলে ভরন পোষণ কিভাবে যোগাড় করবো।
এ ব্যাপারে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে বিক্রি করার কোন সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগত ভাবে শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে