প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম

সংগৃহীত ছবি
জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা লেনদেনের আলোচনার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১৩ নভেম্বর শুক্রবার জামালপুর জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ লাইনসের প্রধান ফটকের বাইরে থেকে ওই প্রতারকচক্রকের তিনজনকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, নিয়োগপ্রার্থী গোলাম নবী রাকিবের বাবা একরামুল হকের সঙ্গে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা লেনদেনের বিষয়ে আলোচনা করছিলেন কয়েকজন ব্যক্তি। বিষয়টি জানতে পেরে নিয়োগ মাঠের বাইরে জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর থানার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. আব্দুল মান্নান (৬৫), জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলাম।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান- পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হয়। এ নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ টাকা দাবি করলে প্রতারকদের ফাঁদে পা না দিয়ে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ কার্যালয়ে অভিযোগ জানান। চাকরির নামে টাকা দেওয়া ও নেওয়া—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ।