প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ AM

ইসরায়েলের নতুন পার্লামেন্ট বা নেসেটে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার নতুন আইনপ্রণেতাদের শপথ গ্রহণের পর পার্লামেন্টে রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থি জোটের আসন ৬৮ থেকে কমে ৫৩টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। পাশাপাশি আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর ১৯ জন আইনপ্রণেতাও এবার নেসেটে নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট আইজাক হারজোগ এরই মধ্যে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার স্বাধীন তদন্ত কমিশন গঠন। বিরোধী জোট ও স্বজনহারা আইনপ্রণেতারা এটিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করা, অ্যাটর্নি জেনারেলকে অপসারণ সহজ করা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবায় ছাড় দেওয়ার মতো বিতর্কিত উদ্যোগ বাতিলের তৎপরতা শুরু হয়েছে। স্পিকার নির্বাচন নিয়েও বিরোধীদের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে।
এদিকে ক্ষমতা ধরে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন নেতানিয়াহু। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। তবে অতি-অর্থোডক্স বা হারেদিম দলগুলোর সমর্থন বিরোধী শিবিরে চলে গেলে আইজেনকোটের জোটের সরকার গঠনের পথ সহজ হতে পারে। ফলে নতুন নেসেটে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখা বড় পরীক্ষার মুখে পড়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি