প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শেখ হাসিনার আইনজীবী পরিচয়ে পাঠানো ওই ই-মেইলে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি দিল্লির কূটনৈতিক একটি সূত্র নিশ্চিত করেছে। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে হাইকমিশন। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনপত্র বা তাঁর পক্ষে আইনজীবীদের আবেদন করার প্রমাণসংক্রান্ত কোনো নথি সংযুক্ত করা হয়নি। এ কারণে আবেদনটি তাঁর পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকমিশনকে অনুরোধ জানানো হয়েছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর এ ধরনের প্রথম আবেদন।
স্বদেশ প্রতিদিন/এস পি