প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে তাঁকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদনকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আসতে চাইলে তাঁকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তাঁর হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’
প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি