
সংগৃহীত ছবি
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাট পার্টি। এ অবস্থায় তার বিরুদ্ধে অভিশংসন বা প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু না করতে ডেমোক্র্যাটদের সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন পদক্ষেপ নিলে ডেমোক্র্যাট পার্টিই রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক বিপর্যয়ের একদিন পর বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম তিনি সেখানে বক্তব্য দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারে- এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
অভিশংসনের উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, না, না- একটুও না। আমার মনে হয়, তারা যদি এমনটা করে, তাহলে ডেমোক্র্যাট পার্টিই ধ্বংস হয়ে যাবে।
ট্রাম্পের দাবি, তাকে অভিশংসন করার কোনো কারণ নেই। ডেমোক্র্যাটরা কী অভিযোগের ভিত্তিতে এমন পদক্ষেপ নেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, ‘একটি সফল দেশ গড়ে তোলার জন্য’ তাকে অভিশংসনের চেষ্টা করা হবে।
কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে তার প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করা হলে পরিস্থিতি ভিন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, তারা ধ্বংসাত্মক কিছু করতে না চাইলে ডেমোক্র্যাটদের সঙ্গে সম্ভবত আমার ভালো সম্পর্ক থাকবে। তবে আমার হাতে ভেটো ক্ষমতা রয়েছে।
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে রিপাবলিকান পার্টি। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এতে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে ও তার আইন প্রণয়নের পরিকল্পনাও বাধার মুখে পড়তে পারে।
নির্বাচনের আগে প্রতিনিধি পরিষদ ও সিনেট- দুই কক্ষই নিয়ন্ত্রণ করছিল রিপাবলিকানরা। কিন্তু গুরুত্বপূর্ণ আসনগুলোতে ডেমোক্র্যাটদের জয়ের ফলে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। বিরোধী দল হিসেবে এখন ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে বাড়তি ক্ষমতা পাবে তারা।
কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আরও নিবিড়ভাবে খতিয়ে দেখতে পারে। প্রশাসনের বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করা ও কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার শক্তি কাজে লাগিয়ে ট্রাম্পের নীতিগুলোকে চ্যালেঞ্জ করার সুযোগও পাবে দলটি। এ পরিস্থিতিতে অভিশংসন নিয়ে ট্রাম্পের আগাম হুঁশিয়ারিকে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নতুন ক্ষমতা ও সম্ভাব্য রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: স্কাই নিউজ