প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম

সংগৃহীত ছবি
ঝালকাঠির রাজাপুরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলার পালট গ্রামের অসহায় ও হতদরিদ্র জবেতন বিবিকে নিজ উদ্যোগে নতুন একটি গৃহ নির্মাণ করে দিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে ভাঙা, জরাজীর্ণ ও নড়বড়ে একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন বৃদ্ধা জবেতন বিবি। বৃষ্টি এলেই ঘরে পানি পড়ত, আর ঝড় উঠলেই ঘর ভেঙে পড়ার আতঙ্কে নির্ঘুম রাত কাটত তার। মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই পাওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।
বিষয়টি ইউএনও রিফাত আরা মৌরির নজরে আসার পর তিনি দ্রুত জবেতন বিবির জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।
নতুন ঘর পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন জবেতন বিবি। ইউএনওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আমার সারা জীবনের দুঃখ আজ ঘুচে গেল। আল্লাহ ম্যাডামের ভালো করুক। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব।”
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের সহোদর ও বিশিষ্ট সমাজসেবক মো. গোলাম কিবরিয়া বাদল, ইউএনওর সিএ রাজু আহম্মেদ, অফিস স্টাফ রফিকুল ইসলাম রফিকসহ অনেকে।
নতুন ঘরের সামনে দাঁড়িয়ে সবার সাথে হাসিমুখে ছবি তোলেন জবেতন বিবি ও ইউএনও রিফাত আরা মৌরি।
এ সময় ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “প্রশাসনের কাজ শুধু অফিসে বসে ফাইল দেখা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব। জবেতন বিবির মতো অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা।”
স্থানীয়রা জানান, যোগদানের পর থেকেই রাজাপুরে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন ইউএনও রিফাত আরা মৌরি। অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের সুখে-দুঃখে সবসময় তাকে পাশে পাওয়া যায়। তার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে রাজাপুরবাসী গর্ববোধ করছেন।