প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুক্কুর (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি মাঠের কোণা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. শুক্কুর রাজাপুর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শুক্কুরের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য রাখার অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে রাজাপুর উপজেলায় মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।"