বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ট্রাম্পের পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আলোচনায় যারা      ● শিশু-কিশোররাই গড়বে আগামীর বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড      ● নাটোরে সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় সভা অনুষ্ঠিত      ● বরিশালে অবৈধ বালু উত্তোলনের পাইপ জব্দ      ● রাজাপুরে ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড      ● রাজাপুরে নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত বৃদ্ধা জবেতন বিবি      ● ঝালকাঠিতে ডোপ টেস্টে পজিটিভ, মাদকসেবী গ্রেপ্তার      ● কিশোরগঞ্জে নকল ভূষি উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা      ● গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা      ● ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● পাবনায় এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত      
ট্রাম্পের পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আলোচনায় যারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের বড় পরাজয় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি করেছে। ট্রাম্পের উত্তরসূরি হিসেবে হোয়াইট হাউসে কে আসবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে সবচেয়ে বেশি চাপে পড়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এত দিন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে ছিলেন তিনি। তবে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এখন তাকেও বিদায়ী মেয়াদের একজন অজনপ্রিয় প্রেসিডেন্টের সঙ্গে একইভাবে মূল্যায়ন করা হতে পারে।

অন্যদিকে, নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য দলটির নতুন প্রজন্মের কয়েকজন নেতার সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তাদের মধ্যে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন অসফ। তরুণসুলভ উপস্থিতি ও বক্তৃতার ধরনের কারণে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার তুলনা করা হচ্ছে।

রিপাবলিকান শিবিরে অস্থিরতা
২০১৬ ও ২০২৪ সালে ট্রাম্পকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখা ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ম্যাগা জোট মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে। ফলে ২০২৮ সালে রিপাবলিকান দলের সম্ভাব্য উত্তরসূরিদের সামনে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ভ্যান্স। মধ্যবর্তী নির্বাচনের প্রচারে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে সভা-সমাবেশে অংশ নিয়ে তার প্রতি সমর্থনও জানিয়েছেন তিনি।

তবে নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর দ্রুত ট্রাম্পের কাছ থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করেন ৪২ বছর বয়সী ভ্যান্স। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এই পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অজনপ্রিয় যুদ্ধকে দায়ী করেন।

তবে ভোটাররা তার এই দায় এড়ানোর চেষ্টা সহজে গ্রহণ করবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টদের জন্য এ ধরনের পরিস্থিতি নতুন নয়। ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও একই সমস্যায় পড়েছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে নিজেকে কীভাবে আলাদা করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘এমন কিছু মাথায় আসছে না।’

কাউন্সিল অন ফরেন রিলেশনসের জেমস লিন্ডসে বলেন, ভ্যান্সের জন্য খারাপ খবর হলো, দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্টদের মধ্যে খুব কমই প্রেসিডেন্ট হতে পেরেছেন। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামও ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।

৫৫ বছর বয়সী রুবিও মধ্যবর্তী নির্বাচনের প্রচারে তুলনামূলকভাবে কম সক্রিয় ছিলেন। তবে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো কর্মকর্তার পক্ষেই ইরান যুদ্ধের দায় এড়িয়ে যাওয়া কঠিন হবে।

অবশ্য রিপাবলিকানদের নির্বাচনি বিপর্যয় দলের অন্য সম্ভাব্য প্রার্থীদের জন্যও সুযোগ তৈরি করতে পারে।

২০২৪ সালে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করা ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সম্প্রতি বেশ সরব হয়েছেন। ৪৮ বছর বয়সী এই নেতা ডেমোক্র্যাটদের বড় জয়কে ‘রাজনৈতিক ক্ষেত্রে উল্কাপাতের সমতুল্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, শুধু তার নিজের অঙ্গরাজ্যেই রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের জয় ঠেকাতে পেরেছে।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। ৫৫ বছর বয়সী ক্রুজ ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার লড়াই করেছিলেন। তবে মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে সিনেট ও গভর্নর পদে ডেমোক্র্যাটদের বড় জয় তার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ডেমোক্র্যাট শিবিরে আত্মবিশ্বাস
ডেমোক্র্যাট দলে ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অনেক। তবে মধ্যবর্তী নির্বাচনের ফল কয়েকজন নেতার অবস্থান আরও শক্ত করেছে।
জর্জিয়া থেকে সিনেটর হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় জন অসফকে ঘিরে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৩৯ বছর বয়সী এই নেতা ক্যামেরায় আকর্ষণীয় উপস্থিতি ও বক্তৃতার ধরন দিয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন। ট্রাম্পের সঙ্গে এক তরুণ কর্মীর সম্পর্ক নিয়ে ব্যঙ্গ করেও তিনি আলোচনায় এসেছেন।

অসফ অবশ্য বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তার ‘একেবারেই কোনো আগ্রহ নেই’। তবে জর্জিয়ায় দ্রুত বিজয় নিশ্চিত করা এবং তার বিজয়ী ভাষণ ডেমোক্র্যাট শিবিরে অবস্থান আরও শক্ত করেছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ৬২ বছর বয়সী কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তবে দলের অনেকেই এমন একজন প্রার্থী চান, যার আগের নির্বাচনে পরাজয়ের অভিজ্ঞতা নেই।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরোর অবস্থানও মধ্যবর্তী নির্বাচনের পর শক্ত হয়েছে। ৫৩ বছর বয়সী এই নেতা ২০২৪ সালে কমলা হ্যারিসের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন। মঙ্গলবার গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার বিদায়ী গভর্নর গ্যাভিন নিউসমও সম্ভাব্য প্রার্থীদের একজন। ৫৯ বছর বয়সী এই নেতা বারবার ট্রাম্পের সমালোচনা করেছেন। গত সেপ্টেম্বরে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের প্রেসিডেন্সি আগের মতো থাকবে না। তবে হ্যারিসের মতো নিউসমকেও ডেমোক্র্যাট দলের পুরোনো নেতৃত্বের অংশ হিসেবে দেখা হতে পারে। দলটি এখন নতুন প্রজন্মের নেতাদের সামনে আনার চেষ্টা করছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের বামপন্থী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। ৩৭ বছর বয়সী এই নেত্রী সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে ২০১৬ ও ২০২৪ সালে নারী প্রার্থীরা পরাজিত হওয়ার পর একজন লাতিনা নারী প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন শিকাগোর সাবেক মেয়র রাহম ইমানুয়েল, ইলিনয়ের ধনকুবের গভর্নর জেবি প্রিটজকার, কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এবং অ্যারিজোনার সিনেটর ও সাবেক মহাকাশচারী মার্ক কেলি। মঙ্গলবারের নির্বাচনে তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার পর প্রিটজকার যুক্তরাষ্ট্রের জন্য একটি বিস্তৃত জাতীয় কর্মপরিকল্পনাও তুলে ধরেছেন।

তথ্যসূত্র: এএফপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close