প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে বাজারজাত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে বাজারজাত করার অপরাধে মেসার্স ইভা এন্ড স্নিগ্ধা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে তাইয়্যেবা সুইটসকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স সাফায়াত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার তানজীনা বেবী ও জেলা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।
সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার তদারকিমূলক অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি না করা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনসহ ভোক্তা অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।