
নাটোরের সিংড়া উপজেলায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারের সিন্ডিকেট ভাঙা, কৃষকদের হয়রানি বন্ধ এবং সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “সিংড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে হবে। কৃষকদের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। সিংড়া উপজেলায় কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। কোনো কৃষক যেন সারের জন্য ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে হবে। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃষকদের সঙ্গে খারাপ ব্যবহার, কৃত্রিম সংকট কিংবা সিন্ডিকেট বরদাশত করা হবে না। চলনবিল একটি কৃষিনির্ভর এলাকা। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকার কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ করছে। এরপরও সারের সংকট বা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কেন, তা খতিয়ে দেখতে হবে। সার বিপণনে সিন্ডিকেট ভাঙতে হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
সভায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন, সারের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের হয়রানি বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের সার ডিলাররা।
সভায় কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বণ্টন এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সার ডিলারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি