প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা এবং দেশটির অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৪২ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৯৬ ডলার ৫৯ সেন্ট। বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ দর রেকর্ড করা হয়।
এর আগের কার্যদিবসে প্রায় চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল ব্রেন্টের দাম। ইউক্রেন ও ইরানের যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় তখন দর কমে যায়। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যও তেলের বাজারে প্রভাব ফেলছে।
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমেছে ৫২ লাখ ৭০ হাজার ব্যারেল। অথচ রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা গড়ে ৮ লাখ ৮০ হাজার ব্যারেল মজুত বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। একই সময়ে দেশটিতে গ্যাসোলিনের মজুত বেড়েছে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল এবং ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির মজুত কমেছে ১১ লাখ ৯০ হাজার ব্যারেল। তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং হরমুজ প্রণালি ঘিরে ঝুঁকি বাজারে দাম বাড়াতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।
স্বদেশ প্রতিদিন/এস পি