প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়ার পোশাকশিল্প এলাকা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে নিশ্চিন্তপুর ও নরসিংহপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের কারণে বেলা ১২টা পর্যন্ত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের বরাতে জানা গেছে, সকালে কারখানায় হাজিরা দেওয়ার পর কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন, অন্যদিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ইউনিক এলাকায় সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন শ্রমিকেরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের মুখে বেলা ১২টা পর্যন্ত ৭০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে অথবা শ্রমিকেরা বের হয়ে গেছেন। এক শ্রমিক বলেন, ‘শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, আমরা এর বাস্তবায়ন চাই। অতি দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এস পি