প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি এবং উৎপাদন বন্ধ রাখার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, গার্মেন্টস কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বন্ধ হওয়া কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তাঁর দাবি, বিভিন্ন স্থানে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে অনেক ক্ষেত্রেই শ্রমিকদের দাবি-দাওয়ার সম্পর্ক নেই। পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কিছু মহল রাজনৈতিক স্বার্থে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। উভয় পক্ষই আলোচনায় সন্তুষ্ট। মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের দর-কষাকষির মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি