প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম

শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে মনে করছে সরকার। এ ধরনের চেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পোশাকশ্রমিকদের আন্দোলনে সহিংসতা ও নাশকতার অভিযোগ তুলে উপদেষ্টা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের আগেই সরকার মজুরি বোর্ড গঠন করেছে। ফলে আন্দোলনের মূল দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আন্দোলনের মধ্যে কিছু মানুষের সহিংস আচরণ প্রকৃত পোশাকশ্রমিকদের আচরণ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির কাছে থাকা অর্থ ব্যয় করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা হতে পারে বলে মনে করেন উপদেষ্টা।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না, এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি শুধু ডিসেম্বরকেন্দ্রিক নয়। শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন এ ধরনের চেষ্টা চলতে পারে বলে সরকার মনে করে। তিনি বলেন, ‘এটা ডিসেম্বর না। এটা পুরো সময়, যতদিন উনি বেঁচে আছেন, উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি এবং আমরা এটাকে প্রতিহত করব।’
শ্রমিক আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে ও পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক হারে বল প্রয়োগের আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘বাংলাদেশের পুলিশ কখনোই হাসিনার পুলিশের মতো আর হবে না।’ অস্থিরতা নিয়ন্ত্রণ করতে গিয়ে সাধারণ মানুষের ভয় ও ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। শ্রমিকদের আন্দোলন দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করায় শ্রমিকদের বিষয়টি বোঝানো সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি